নার্সসহ নীলফামারীতে দুই জনের করোনা

নীলফামারীনীলফামারী ডিমলা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র নার্সসহ নতুন দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৩৫ জন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের রিপোর্টে এক নার্সসহ জেলায় নতুন করে আরও দুই জন করোনায় আক্রান্তের তথ্য পাওয়া গেছে।

নতুন শনাক্তরা হলেন, ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ও জেলা শহরের বাড়াই পাড়ার বাসিন্দা এবং সৈয়দপুর শাখা ইসলামি ব্যাংকের কর্মকর্তা। আক্রান্ত নার্সকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ও জেলা শহরের বাসিন্দা ব্যাংক কর্মকর্তাকে সদর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত ৩৫ জন ব্যক্তির মধ্যে ১০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন।