নীলফামারীতে আরও ৭ জনের করোনা শনাক্ত

নীলফামারীনীলফামারীতে আরও সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মা ছেলে ও দুই স্বাস্থকর্মী রয়েছেন। এই নিয়ে জেলায় করোনা রোগী শনাক্তের সংখ্যা ৬১ জন। শুক্রবার (১৫ মে) রাতে জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন করে করোনা শনাক্ত সাত জনের মধ্যে জেলার ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামে মা (৫৭) ও ছেলে (৩০) এবং ডোমার উপজেলা হাসপাতালের এক স্বাস্থকর্মী (৩৪) রয়েছেন। এছাড়া জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জহাট এলাকার চা দোকানদার (৩০), কিশোরীগঞ্জ উপজেলা হাসপাতালের এক ভ্যাকসিন ক্যারিয়ার (৪০) ও জেলার সৈয়দপুর হাসপাতাল এলাকার ৪০ ও ৪৫ বছর বয়সের দুই জন রয়েছেন।

শনিবার (১৬ মে) সকালে সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আছেন ২০ জন। এই নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টিনে আছেন এক হাজার ৫৪১ জন। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৩৬ জন। এদিকে কোভিড-১৯ শনাক্ত ৬১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন এবং মৃত্যু হয়েছে দুই জনের।