৭৫ দিন বন্ধের পর স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। দীর্ঘদিন পর কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে।
সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করে। সীমান্তে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে চালকদের মুখে মাস্ক, হাতে গ্লাভস পরা, চালকদের তাপমাত্রা পরিমাপের জীবাণুনাশক টানেলের ভেতর দিয়ে দেশে প্রবেশ করে। এছাড়া পুরো ট্রাকটি জীবাণুনাশক স্প্রে করা হয়।
হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, করোনা সংক্রামণ রোধে ২৬ মার্চ থেকে সরকার সাধারণন ছুটি ঘোষণা করে। ওই দিন থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। বাংলাদেশি ব্যবসায়ীদের অনুরোধ এবং দু’দেশের আমদানি-রফতানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর সোমবার থেকে কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দফায় ২০ ট্রাক পণ্য আসবে সেগুলো খালাস করে আবার ভারতে গিয়ে দ্বিতীয় দফায় আরও ২০ ট্রাক পণ্য নিয়ে আসবে। দীর্ঘদিন বন্ধের পর কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চ্যলতা ফিরতে শুরু করেছে তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে।