কুড়িগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান





অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের চিত্র কুড়িগ্রাম থেকে চিলমারীর রমনা রেল স্টেশন পর্যন্ত রেল লাইনের উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে স্টেট ডিপার্টমেন্ট।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযানে কুড়িগ্রাম রেল স্টেশন হতে চিলমারী উপজেলার রমনা রেল স্টেশন পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকা জুড়ে লাইনের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে রেল লাইনের একদিকে ৩০ ফুট ও অন্যদিকে ৯০ ফুটের মধ্যে অবস্থিত কাচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেল কর্তৃপক্ষ।

রেলের নিয়মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান করা হচ্ছে বলে জানান, বিভাগীয় স্টেট অফিসার পুর্নেন্দু দেব। আইনশৃঙ্খলা রক্ষায় রেল পুলিশের পাশাপাশি থানা পুলিশও সহায়তা করে। এ সময় উচ্ছেদকৃত বাসিন্দাদের তাদের নিজ নিজ স্থাপনা ও সরঞ্জাম সরিয়ে নিতে দেখা গেছে।

বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় স্টেট অফিসার পুর্নেন্দু দেব জানান, কুড়িগ্রাম থেকে রমনা বাজার রেল স্টেশন পর্যন্ত রেল লাইনের উভয় পাশে রেলের জায়গায় যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদের জন্য আমাদের অভিযান চলছে। আমরা ইতোপূর্বে সংশ্লিষ্টদের নোটিশ দিয়েছি এবং মাইকিং করে জানিয়েছি। আজও তাদের নিজস্ব মালামাল সরিয়ে নেওয়ার সময় দিয়ে উচ্ছেদ কার্যক্রম চলছে।