ফুলবাড়ীতে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

 




দিনাজপুরদিনাজপুরের ফুলবাড়ীতে সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে শওকত হাসান (১২) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের ভড়ম দক্ষিণ মালকিপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক শওকত হাসান ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে ও মিরপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা যায়, ৩ নভেম্বর দুপুর আড়াইটায় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ওই শিশুকন্যা (৭) গোসল করতে যায়। তখন পুকুরে একই গ্রামের অন্য এক কিশোরীও গোসল করছিল। এ সময় শওকত হাসান (১২) ওই পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে অন্যরা গোসল সেরে চলে গেলে ওই কন্যা আর শওকত গোসল করতে থাকে। শিশুকন্যাটি গোসল শেষে পুকুর থেকে উঠলে শওকত তার মুখ চেপে ধরে পাশের জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পুকুরের অপর পাড় থেকে রুবিয়া নামের এক কিশোরী ঘটনাটি দেখে প্রতিবেশী নারীদের জানালে শওকত পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় উদ্ধার করে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন ওই নারীরা। ওইদিন রাত সাড়ে ৮টায় তার মা বাদী হয়ে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বুধবার সকালে শওকত হাসানকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। ধর্ষণের শিকার শিশুকন্যাটিকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।