চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সাথী রানী (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের তালপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাথী রানী একই ইউনিয়নের দুর্গাডাঙ্গা গ্রামের মনীন্দ্র নাথ রায়ের কন্যা এবং দুর্গাডাঙ্গা হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, দুপুরে তালপুকুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় সাথী রানীকে একটি ট্রাক্টর (ট্রলি) ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ময়নাতদন্তর জন্য মেডিক্যালটির মর্গে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘এ ঘটনায় চিরিরবন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। জনগণের সহায়তায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক ও সহযোগিরা পালিয়ে গেছে। তাদের আটকের প্রক্রিয়া চলছে।’