‘ক্ষমতার জন্য বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করে চলেছে’

সৈয়দপুরের বঙ্গবন্ধু চত্বরে বক্তব্য দিচ্ছেন মো. শাহজাহান খান বিএনপি সারাদেশে নাশকতার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. শাহজাহান খান। তিনি বলেন, ‘ক্ষমতার জন্য বিএনপি সন্ত্রাস সৃষ্টি এবং মানুষ পুড়িয়ে হত্যা করে চলেছে। নির্বাচনে পরাজিত হয়ে তারা ঢাকায় গাড়ি পুড়িয়ে দিয়েছে। তাদের মোকাবিলা করা শুধু সরকারের একার কাজ নয়, জনগণেরও দায়িত্ব।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধু চত্বরে তিনি এসব কথা বলেন। তিনি রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে যাওয়ার পথে পথসভায় মিলিত হয়ে এ বক্তব্য দেন।

শাহজাহান খান বলেন, ‘আমরা শ্রমিক ও সড়ক পরিবহন মালিকদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করি। আপনারা সাবধানে গাড়ি চালাবেন, যেন কোনও দুর্ঘটনা না ঘটে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি সরকারবিরোধী কার্যক্রমে লিপ্ত রয়েছে। তারা মনে করেছে, ভয় দেখিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে পারবে। তাদের আন্দোলনে নেতাকর্মীরা মাঠে থাকে না। তাদের শুধুই হুঙ্কার। বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা সরকারের বিরুদ্ধে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘আমার শ্রমিক ভাইদের প্রতি আহ্বান, আপনারা গাড়ি চালানোর সময় সজাগ থাকবেন। আপনাদের গাড়িতে যাত্রী ওঠলে তাদের দায়-দায়িত্ব আপনাদের। বিএনপি যেন গাড়িতে কোনও নাশকতা করতে না পারে সে জন্য আপনাদের সজাগ থাকতে হবে।’ পরে তিনি রংপুরের উদ্দেশে রওনা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান রাঙ্গা, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আখতার হোসেন বাদল, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, আওয়ামী লীগ নেতা হিটলার চৌধুরী ভলু প্রমুখ।