ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাটিবাহী একটি ট্রাক্টরের ধাক্কায় আনিসুর রহমান (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের লোহাগাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান ওই ইউনিয়নের লোহাগাড়া বালাপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। 

দণ্ডপাল ইউপির চেয়ারম্যান মো. জামেদুল ইসলাম জানান, আনিসুর রহমান বাড়ি থেকে মোটরসাইকেলে কালিগঞ্জ বাজারে আসছিল। পথে লোহাগাড়া মসজিদ এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারীরা পালিয়েছে।