ফেসবুক স্ট্যাটাসের জেরে যুবক গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে নীলফামারির এক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগ রয়েছে, গ্রেফতারকৃত যুবক শনিবার (১৯ ডিসেম্বর) সকালে তার ফেসবুক আইডি থেকে ফ্রেন্ডলিস্টের বেশ কয়েকজন বন্ধুর পোস্টে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকর মন্তব্য করেন। এছাড়া সে নিজের আইডিতেও কটূক্তিকর স্ট্যাটাস পোস্ট করে। ওই যুবক উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের বাসিন্দা।
এদিকে শনিবার রাত আটটার পর থেকেই উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে সবাই একজোট হয়ে ওই যুবকের বিচার এবং শাস্তি দাবি করে। খবর পেয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) জয়ব্রত পাল, ওসি সিরাজুল ইসলাম ও পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে বিক্ষুদ্ধ জনতাকে বুঝিয়ে বলেন, ওই যুবককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
রবিবার (২০ ডিসেম্বর) ডিমলা থানা পুলিশের একটি দল ঢাকার সাভার এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। সোমবার (২১ ডিসেম্বর) সকালে ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।