ভোট দিয়ে বের হয়ে পৌর এলাকার বকসি পাড়া গ্রামের বিউটি বেগম বলেন, ‘পারছি, কোনও সমস্যা হয়নি।’
ব্যালট ভালো না এইটা (ইভিএম)– প্রশ্ন করলে প্রথমবারের মতো ইভিএমএ ভোট দেওয়া বিউটি অনেকটা উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘এলা তো দেখি এটায় ভালো, সহজ!’
একই কথা জানালেন আরেক ভোটার আলতাফ হোসেন। তিনি বলেন, ‘ব্যালটের চেয়ে এটাই বেশি সহজ।’
একই কেন্দ্রে ভোট দিয়েছেন নুর ইসলাম। বলেন, ‘ব্যালটের চেয়ে অনেক গুণে ভালো পদ্ধতি, দ্রুত ভোট দেওয়া যায়।’
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারে পৌর নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীসহ ৫ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম পৌরসভায় মোট ৫৬ হাজার ৩৯৭ ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ২৯ হাজার ৫০ জন এবং পুরুষ ভোটার ২৭ হাজার ৩৪৭ জন। মোট ২৪টি কেন্দ্রে এবারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে।