ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টদিনাজপুরের হিলিতে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় হিলির খট্টামাধবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নয়ন হসেন ওই এলাকার মৃত রিয়াজ হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বুধবার রাতে বন্ধুদের নিয়ে বাড়ির পাশের মাঠে ব্যাডমিন্টন খেলতে যায় নয়ন হোসেন। এ সময় ব্যাডমিন্টন কোর্টের বাল্ব জ্বালানোর জন্য মেইন লাইনের সঙ্গে তারের সংযোগ দিতে যান নয়ন হোসেন। সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানকে হারিয়ে মা রহিমা বিলাপ করছেন। কিছুদিন আগে তিনি স্বামীকে হারিয়েছেন। এরপর সংসারের হাল ধরতে একমাত্র সন্তাকে ঘিরে স্বপ্ন দেখছিলেন, কিন্তু তাকেও হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন মা রহিমা বিবি।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বাংলা ট্রিবউনকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কোনও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।