প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত হয়েছে। পাশাপাশি সুন্দরবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে জলদস্যুদের আত্মসমর্পণে র‍্যাবের ভূমিকা প্রশংসনীয়। একই সঙ্গে করোনাসহ প্রাকৃতিক দুর্যোগগুলোতেও মানুষদের বিভিন্ন সহযোগিতাসহ পাশে দাঁড়িয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার বালাসীঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে 'র‍্যাব সেবা সপ্তাহ' উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, র‍্যাবের অভিযানে ২০১৮ সালের ১ নভেম্বরে প্রধানমন্ত্রী সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল বাঁশখালী, মহেশখালী ও কুতুবদিয়ার জলদস্যুরাও আত্মসমর্পন করেন।

এছাড়াও ১১ হাজার মাদক মামলার আসামীসহ গত বছরে দেশের চাঞ্চল্যকর হত্যা-ধর্ষণ মামলার তিন শতাধিক আসামিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে র‍্যাব।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারিতে নৌ-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল সম্ভব হয়েছে। চরাঞ্চলের মানুষকে আরও নিরাপত্তা দিতে গাইবান্ধা এবং জামালপুরের ঘাট এলাকায় নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন মন্ত্রী।

এ সময় চরাঞ্চলসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র অসহায় প্রায় আট হাজার মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের কম্বল তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩, (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতি, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, র‍্যাব-১৩ এর কমান্ডিং অফিসার (সিও) ও জেলা প্রশাসক আবদুল মতিন।

পরে মধ্যহ্নভোজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

এরআগে, সকাল ১০টায় ঢাকা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বহনকারী হেলিকপ্টারটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে সকাল ১১টায় অবতরণ করে। পরে সেখানে এক ঘণ্টা বিরতি শেষে সড়ক পথে বালাসীঘাটে এসে পৌঁছান তিনি।