ঠাকুরগাঁওয়ের ১৫ শিক্ষককে দুদকে তলব

দুর্নীতির দায়ে অভিযুক্ত ঠাকুরগাঁওয়ের ১৫ সরকারি প্রাথমিক শিক্ষককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৫ জানুয়ারি দুদকের দিনাজপুর কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম স্বাক্ষরিত একটি স্মারক চিঠি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়।

দুদকের চিঠি থেকে জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক দুর্নীতি, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, শিক্ষক হয়রানি, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ ও বৃত্তি পাইয়ে দেওয়াসহ নানা রকম অভিযোগে ১৫ জন শিক্ষককে দুর্নীতি দমন কমিশনে এ তলব করা হয়।

দুদকে তলব করা শিক্ষকরা হলেন সঞ্জীব কুমার বর্মন, এ কে এম মিজানুর রহমান, ইয়াসিন আলী, আজহার আলী, প্রফুল্ল কুমার বর্মন, রমজান আলী, গৌরাঙ্গ দাস, আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, রফিকুল ইসলাম, ইমাম গাজ্জালী, জহরুল ইসলামসহ মোট ১৫ জন।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও প্রাথমিক জেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ জানান, লিখিত কোনও চিঠি আমি পাইনি। তবে মৌখিকভাবে ১৫-১৬ জনকে দিনাজপুর দুদকে তলবের বিষয়টি জানতে পেরেছি।