নারী ভোটারদের বিপুল উপস্থিতি সোনাইমুড়ি ও চাটখিলে

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল পৌরসভা নির্বাচন। সকাল থেকে এ দুটি পৌরসভায় ভোট গ্রহণ চলছে, যদিও সব পৌরসভা দু’টির সবগুলো কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে চাটখিল পৌরসভার ১০টি কেন্দ্রে ইভিএম ও সোনাইমুড়ীর ৯টি কেন্দ্রে ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

ভোটারদের উপস্থিতিও ভালো। এর মধ্যে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো।

চাটখিল পৌরসভায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

জেলা নির্বাচন মোহাম্মদ রবিউল আলম জানান, চাটখিল পৌরসভায় মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন এবং সোনাইমুড়ী পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাটখিলের ১০টি কেন্দ্রে ভোটার ২৪ হাজার ৯৩৬ জন। সোনাইমুড়ীর ৯টি কেন্দ্রে ভোটার ২৫ হাজার ২৩২জন। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ৪ জন করে পুলিশ ও ৯ জন করে আনসার বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্র এলাকায় একজন পরিদর্শকের নেতৃত্বে পুলিশের একটি করে মোবাইল টিম রয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে র‌্যাবের ৬ ও বিজিবির ৮ প্লাটুন সদস্য। এছাড়াও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।