নির্দেশনা অমান্য করায় হিলিতে ৩ জনকে জরিমানা

দিনাজপুরের হিলিতে নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মানায় পথচারী-দোকানিসহ তিন জনকে ১ হাজার ২শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে পুলিশের সহায়তায় হিলি বাজার ও চারমাথা মোড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই জরিমানা করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, মানুষজন স্বাস্থ্যবিধি মানছে কিনা, মাস্ক পরছে কিনা, সামাজিক দূরত্ব মানছে কিনা, যেসব দোকান বন্ধ থাকার কথা সেগুলো বন্ধ থাকছে কিনা, কেউ অপ্রয়োজনে ঘোরাফেরা করছে কিনা- এসব দেখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালানো হয়। এসময় নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায় এক দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক না পরায় দুই পথচারীকে ২শ টাকা জরিমানা করা হয়েছে। আমরা চেষ্টা করবো জনগণের মাঝে করোনা সচেতনতা বৃদ্ধি করতে।