একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে নীলফামারীতে হরতাল চলছে ঢিলেঢালাভাবে। এখন পর্যন্ত জেলায় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা শহরের বিভিন্ন সড়কে বাস চলাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় রিকশা, ব্যাটারিচালিত ভ্যান, অটোরিকশা, মাইক্রোবাস, ভটভটি, নছিমনসহ বিভিন্ন যানবাহনের উপস্থিতি বাড়ছে।
সকালে জেলা শহরের কালিতলা বাস টার্মিনাল থেকে সৈয়দপুর টার্মিনাল সড়কে যানবাহন চলাচল অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে। এছাড়া হরতাল সমর্থনে নীলফামারী জেলায় কোথাও মিছিল বা পিকেটিংয়ের কোনও খবর পাওয়া যায়নি।
নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ আহম্মেদ জানান, হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনও ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি।
এদিকে, হরতালে নাশকতারোধে জেলার ৬ উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে।
/এআর/এসটি/