বিয়ের পিঁড়িতে বসা হলো না কৃষক কবিনুরের

নীলফামারীতে বিয়ের পিঁড়িতে বসা হলো না এক কৃষকের। বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরও ৩ জন।

নিহত কৃষকের নাম কবিনুর রহমান মাহেল (২৬)। তিনি জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী উত্তরপাড়া গ্রামের মোকতার হোসেনের ছেলে।

শনিবার (১ মে) দুপুরে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার দিবাগত রাতে উপজেলার পার্শ্ববর্তী বালাপাড়া গ্রামে সে বিয়ের পিঁড়িতে বসতেন বলে এলাকাবাসী জানায়।

এলাকাবাসী আরও জানায়, শনিবার সকালে ওই ইউনিয়নের ভেড়ভেড়ী উত্তরপাড়া গ্রামের কবিনুর রহমানসহ আরও ৩ জন শ্রমিকসহ ধান কাটতে যায়। এসময় আকাশ কালো হয়ে হালকা ঝড়ো বাতাসসহ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে বজ্রপাত হলে ওই কৃষকসহ চারজন গুরুত্বর আহত হয়। বজ্রপাতে আহতদের দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহেলকে মৃত ঘোষণা করে।

আহতরা হলেন, একই গ্রামের মৃত্যু মফেল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫), মজিদুল ইসলামের ছেলে স্বাধীন ইসলাম (৩২) ও খোটেয়া মামুদের ছেলে নাজমুল ইসলাম (৩৬)। এদের মধ্যে রফিকুল ইসলাম ও নাজমুল ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় কিশোরগঞ্জ থানার ওসিকে একাধিকবার ফোন দিয়েও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।