হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু

টানা দুদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত শুক্রবার (৩০ এপ্রিল) সাপ্তাহিক ছুটি ও শনিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় এ দুদিন হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ ছিল। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে আবারও পণ্য লোড-আনলোডসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে।’