দিনাজপুরে ঈশান অ্যাগ্রো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার আশরাফুল ইসলামকে (৫০) অপহরণ করে ৪৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় সিআইডি অভিযান চালিয়ে ৩ নারীকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে অপহৃত ম্যানেজারকে। বুধবার (১৯ মে) বিকালে দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করে দিনাজপুর সিআইডি পুলিশ।
আটককৃতরা হলো ওই এলাকার মৃত ফয়জুল হকের কন্যা নূরবানু (৪৫), জয়নুল হকের কন্যা জিনাত রেহানা (২৫) এবং মেহেরুল ইসলামের স্ত্রী রশিদা খাতুন (৫০)। এ ঘটনায় পলাতক রয়েছেন মোতালেব (৩৬) ও শাহীন (৩০) নামে দুই অপহরণকারী।
সিআইডি দিনাজপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুব্রত কুমার বক্সি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড থেকে ঈশান অ্যাগ্রো লিমিটেডের ম্যানেজার আশরাফুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায় দুই অপহরণকারী। এরপর বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে মুক্তিপণের দাবিতে ট্রাস্ট ব্যাংক, দিনাজপুর শাখার অনুকূলে ৪৫ লাখ টাকার একটি চেক লিখে নেয় অপহরণকারীরা। বুধবার দুপুরে চেকটি নিয়ে ব্যাংকের ওই শাখায় গেলে ওই ব্যাংক ম্যানেজার ঈশান অ্যাগ্রো লিমিটেডের স্বত্বাধিকারী ইশতিয়াক হোসেনকে ফোন করেন।
পরে বিষয়টি সিআইডি পুলিশের নলেজে দেওয়া হলে দুপুরে পাহাড়পুরের একটি ভাড়া করা বাড়িতে অভিযান চালায় তারা। অভিযান চালিয়ে অপহৃত আশরাফুল ইসলামকে উদ্ধার করা হয় এবং অপহরণের সঙ্গে জড়িত ওই ৩ নারীকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মোতালেব ও শাহীন।
এ ঘটনায় আটককৃত ৩ নারীসহ ৫ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।