হিলি দিয়ে ফিরেছেন আরও ৪ জন

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ষষ্ঠ দিনের মতো ফেরত এসেছেন ভারতে গিয়ে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকরা। এনওসি ও করোনার নেগেটিভ সনদ নিয়ে সোমবার (২৪ মে) সকাল থেকে দেশে ফিরছেন চিকিৎসা নিতে গিয়ে ভারতে আটকে পড়া চার জন যাত্রী।

হাকিমপুর উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আটকেপড়া বাংলাদেশিদের ভারত থেকে দেশে ফেরা অব্যাহত রয়েছে। প্রত্যেক যাত্রীকে করোনার নেগেটিভ সনদ ও এনওসি নিয়ে তারপরেই দেশে ফিরতে দেওয়া হচ্ছে। এরপরে প্রত্যেক যাত্রীকে স্বাস্থ্য স্ক্রিনিং ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে। এর পরেও তাদের নমুনা আরটিপিসিআর টেস্টের জন্য পাঠানো হচ্ছে। এসব শেষে কাস্টমস ও ইমিগ্রেশনের কাযক্রম সম্পূর্ণ করে ভারত থেকে দেশে ফেরাদের মধ্যে সুস্থ ও ননকোভিডদেরকে বিরামপুরে হোটেল ১৪দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। এ নিয়ে গত ছয় দিনে এই পথ দিয়ে মোট ৮৬ জন যাত্রী দেশে ফিরেছেন। এদের মধ্যে একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া তার সঙ্গে আসা দু’জনকে দিনাজপুর সদর হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন রোগে অসুস্থ হওয়ার কারণে চার জনকে দিনাজপুর মেডিক্যালে, চার জনকে রংপুর মেডিক্যালে ও চার জনকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।বাকি সবাইকে হিলি ও বিরামপুরের বিভিন্ন আবাসিক হোটেলে প্রশাসনের নজরদাড়ির মধ্যে ১৪দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানান তিনি।