হুইল চেয়ারের চাকা ভেঙে প্রতিবন্ধী ব্যবসায়ীর টাকা ছিনতাই

নীলফামারীর সৈয়দপুরে দিন-দুপুরে এক প্রতিবন্ধী ক্ষুদে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (০৫ জুলাই) বিকালে পৌর শহরের মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পৌরসভার ৫নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার শারীরিক প্রতিবন্ধী মো. ভুট্টু পারভেজ (৩২) একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি হুইল চেয়ারে করে শহরের বিভিন্ন মুদি দোকানে মালামাল পাইকারি বিক্রি করেন।

দোকানে মালামাল দিয়ে বিকালে বাড়ি ফিরছিলেন। এ সময় মিস্ত্রিপাড়া বাইপাস সড়ক এলাকায় এলে মাস্ক পরা তিন যুবক ধারালো ছুরি দেখিয়ে তার পথরোধ করে সঙ্গে থাকা ব্যবসার দুই হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়।

এ সময় ভুট্টু চিৎকারের চেষ্টা করলে তাকে ভয়-ভীতি প্রদর্শন করে। ছিনতাইকারীরা তার হুইল চেয়ারের একটি চাকা ভেঙে দেয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী প্রতিবন্ধী ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।