ঠাকুরগাঁওয়ে একই সময়ে কৃষকলীগ-যুবলীগের সভা, ১৪৪ ধারা জারি

হরিপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে ১৬ জানুয়ারি শনিবার একই সময়ে কৃষকলীগ ও যুবলীগের সভা ডাকায় সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  শুক্রবার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান এ ধারা জারি করেন।
আব্দুল মান্নান জানান, দুই গ্রুপের সংঘর্ষ এড়াতে শনিবার সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত হরিপুর উপজেলা সদরে অবস্থিত আওয়ামী লীগ অফিস ও তার আশপাশ এলাকায় ১৭ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিন জানান, গত বছরের ৯ নভেম্বর উপজেলা কৃষকলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি গঠন নিয়ে এখানে দুটি গ্রুপের সৃষ্টি হয়েছে। তারা এখন পরস্পর মুখোমুখি অবস্থান করছে। বঞ্চিতরা যুবলীগের সহযোগিতায় ১৩ জানুয়ারি হরিপুর থানায় একটি মামলা করেছে। পরের দিন আরেকটি পাল্টা মামলা করা হলে শুরু হয় উত্তেজনা।
ওসি তদন্ত সাইদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

/এআর/