মেয়ের জামাইকে গাছের সঙ্গে বেঁধে পেটালেন শ্বশুর-শাশুড়ি!

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুর বাড়িতে গেলে নাসিরুল ইসলাম নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শ্বশুর-শাশুড়ি তাকে জনসমক্ষে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর (সোমবার) জেলার রাণীশংকৈল উপজেলার ভাঙবাড়িতে ঘটনাটি ঘটে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় শাশুড়ি সেলিনা রহমানকে আটক করেছে রাণীশংকৈল থানার পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে শাওন আমিন নামে এক ব্যক্তি নির্যাতনের ভিডিওটি ফেসবুকে পোস্ট করলে ভাইরাল হয়ে যায়। অনেকে নির্যাতনকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামের করিমুলের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাসিরুলের। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর এক পর্যায়ে পরিবারকে না জানিয়ে তারা বিয়ে করে আত্মগোপনে থাকেন। এদিকে, সন্তানকে ফিরে পেতে চাপ প্রয়োগ করতে থাকে মেয়ের পরিবার। বিয়ে মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দেয়। এতে স্ত্রীকে শ্বশুরের পরিবারে দিয়ে আসেন স্বামী নাসিরুল।

পরে ২০ সেপ্টেম্বর বিকেলে স্ত্রীর সঙ্গে দেখা করতে তার বাসায় যান। তখনই মেয়ের বাবা-মা তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করতে থাকেন। চিৎকার করে কেঁদে কেঁদে ছেড়ে দেওয়ার আকুতি জানান, ক্ষমা চান বারবার। তবুও তাকে মারধর করতে থাকে মেয়ের পরিবার। শেষে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে রাণীসংকৈল থানার ওসি জাহিদ ইকবাল বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’