একদিনের মেয়র বৈশাখী

একদিনের জন্য রংপুর সিটি করপোরেশনের মেয়রের প্রতীকী দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিরল অভিজ্ঞতা অর্জন করেছে বৈশাখী। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপনের অংশ হিসেবে প্ল্যান ইন্টারন্যাশনালের গার্লস টেকওভার ক্যাম্পেইনের অংশ হিসেবে এই এসএসসি পরীক্ষার্থীকে মেয়রের দায়িত্ব দেওয়া হয়। 

সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ফুল দিয়ে তাকে স্বাগত জানান ও প্রতীকী মেয়র হিসেবে তার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরিচয় পর্ব শেষে সিটি করপোরেশনের ১৮টি বিভাগ, প্রধান প্রধান দায়িত্ব এবং প্রতিদিনের কাজ সম্পর্কে বৈশাখীকে অবহিত করেন মেয়র।

এদিন মেয়রের সঙ্গে বৈশাখী প্রতিদিনের কাজে অংশ নেয়। একজন মেয়র কীভাবে তার নিত্যদিনের কাজ, নেতৃত্বদান, বিভিন্ন বিষয়ে আলোচনা, বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথাবার্তা এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয় বৈশাখীকে প্রত্যক্ষভাবে বোঝানো হয়। দাফতরিক কাজ শেষে বৈশাখী এবং মেয়র অভিজ্ঞতা বিনিময় করেন।

এর উদ্দেশ্য হলো কিশোরী ও যুব নারীদের মধ্যে স্বপ্ন জাগিয়ে তোলা এবং তাদের মাঝে বিশ্বাস স্থাপন করা। এরই অংশ হিসেবে একদিনের জন্য প্রতীকী মেয়রের দায়িত্ব পালন করে বৈশাখী। কন্যা শিশুদের ক্ষমতায়নের জন্য এ ধরনের একটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ধন্যবাদ জানান সংশ্লিষ্টরা।

মেয়র মোস্তাফিজার রহমান বলেন, সিটি করপোরেশনের মেয়রের মতো চ্যালেঞ্জিং পদে নেতৃত্ব বিকাশের জন্য মেয়েদের এগিয়ে আসতে হবে। মেয়রের পদটি একটি চ্যালেঞ্জিং পদ কারণ আমাদের বহু বিষয় নিয়ে কাজ করতে হয়। নেতৃত্ব, জ্ঞান এবং ধৈর্য এই তিন গুণ কারও লক্ষ্যে পৌঁছাতে খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর মো. মাহমুদুর রহমান টিটো, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভারপ্রাপ্ত ডিভিশনাল ম্যানেজার ডা. হৃষিকেশ সরকার, ইউএনডিপির টাউন ম্যানেজার মো. মোবারক হোসেন, সরকারি অফিসের কর্মকর্তা, সাংবাদিক, কিশোর-কিশোরী, অভিভাবক এবং বেসরকারি সংস্থার কর্মকর্তা।