পঞ্চগড় জেলার দেবীগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে দেবীগঞ্জ-নীলফামারী সড়কের প্রধানের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেবীগঞ্জ থানার ওসি বাবুল আখতার বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন-নীলফামারী জেলার ডোমার উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম স্বপন (৩৫) ও দেবীগঞ্জ উপজেলার সোনাহার প্রধানপাড়া এলাকার জাকিরুল ইসলাম মাহান (৪০)।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বাসে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ সূত্র জানায়, নীলফামারী যাওয়ার উদ্দেশ্যে স্বপন ও জাকিরুল বাড়ি থেকে বেরিয়ে মোটরসাইকেলে রওনা দেন। দেবীগঞ্জ-নীলফামারী মূল সড়কে ওঠার সময় ঢাকা থেকে আসা দেবীগঞ্জগামী ‘মায়ের আঁচল’ নামের একটি নাইট কোচ তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পুলিশ বাস আটক করে দেবীগঞ্জ থানায় নিয়ে এসেছে। চালক ও হেলপার পলাতক।
ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/জেবি/এইচকে/