প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়ে খুশি ভোটাররা 

ডোমার পৌর নির্বাচনে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা হতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। তবে এবারই প্রথম ডোমার পৌর নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে। এতে ভোটারদের বেশ আগ্রহ দেখা গেছে। অনেক বয়স্ক ভোটার ছেলে ও নাতিদের কোলে করে ভোট দিতে পৌঁছেছেন কেন্দ্রে। যদিও তাদের ভোট দিতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেন নতুন ভোটার নুরুজ্জামান নুরু। তিনি বলেন, প্রথম ভোট শান্তিপূর্ণ পরিবেশে দিতে পেরে আমার খুব ভালো লাগছে। ভোট দেওয়ার পর নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক মনে হচ্ছে।

একই কেন্দ্রের অপর ভোটার লিপি আকতার বলেন, এর আগে কখনও মেশিনে ভোট দেইনি। এবার প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে। 

সরেজমিন দেখা যায়, সকালের দিকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।

নির্বাচনে তিন জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের গণেশ কুমার আগরওয়ালা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ নিয়ে লড়ছেন মনছুরুল ইসলাম দানু ও মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আফরোজা নাজনীন রুমি।

এছাড়া কাউন্সিলর পদে ৩২ জন এবং নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৪০ জন। এর মধ্যে নারী ভোটার ছয় হাজার ৮৭৩ জন এবং পুরুষ ভোটার ছয় হাজার ৬৬৭ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। পরিবেশ শান্ত ও স্বাভাবিক রাখতে আইশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি।