বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদের ও তার দলের চেহারা আয়নায় দেখা উচিত। তারা জনগণের সঙ্গে প্রতারণা করে আগের রাতে ভোট দিয়েছে। জোর করে ক্ষমতায় বসেছে।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গেলো দুর্গাপূজায় বিশৃঙ্খলার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করার জন্যই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটায়। বিভিন্ন মামলায় বরকতউল্লাহ বুলুসহ বিএনপি নেতাকর্মীদের জড়ানো এর উদাহরণ।
‘নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনও মাথাব্যথা নেই’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বর্তমান সরকারের হাতে পড়ে নষ্ট হয়ে গেছে। আমাদের দাবি সেটাই, যা একসময় আওয়ামী লীগের দাবি ছিল—নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কোনও কিছু করতে পারে না। সে কারণে আমরা বিগত নির্বাচনগুলো বর্জন করেছি, নির্বাচন কমিশনকে সার্চ কমিটিতে আমাদের মতামত দিয়েছি, কিন্তু এই সরকার কোনও কিছু গ্রহণ করেনি। তাই নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার থাকতে হবে।
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন—এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি মনে করে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ করার বর্তমান ব্যবস্থা খুবই ত্রুটিপূর্ণ। এখানে দলনিরপেক্ষভাবে নির্বাচন হওয়া উচিত। স্থানীয় পর্যায়ে দলীয় মার্কা দিয়ে নির্বাচন করতে গেলে গ্রামীণ যে সমাজ ও রাজনীতি তা পুরোপুরি বিভক্ত হয়ে যায়। দলের যারা স্বতন্ত্র নির্বাচন করছে তাদের কোনও বাধা থাকবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।