দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র পদে জয়লাভ করেছেন আব্দুস সাত্তার মিলন। তিনি নারিকেল গাছ প্রতীকে ছয় হাজার ৪২২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি পৌরসভা বিএনপির সভাপতি।
ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক।
তার প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ পেয়েছেন তিন হাজার ৭৭৪ ভোট। এদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনুস আলী মণ্ডল নৌকা প্রতীক পেয়েছেন তিন হাজার ৩৭৬ ভোট।
ঘোড়াঘাট পৌরসভায় মেয়র পদে পাঁচ, কাউন্সিলর পদে ৩২ এবং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ৯টি ভোটকেন্দ্রে ৭৪টি ভোটকক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়। ১৯ হাজার ৯৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।