নীলফামারীর ডোমার পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র মনসুরুল ইসলাম দানু তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) দিনব্যাপী ভোটগ্রহণ ও গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, তিন জন মেয়র প্রার্থীর মধ্যে নারিকেল গাছ প্রতীকে মনসুরুল ইসলাম দানু চার হাজার ৬৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোবাইল ফোন প্রতীকের আফরোজা নাজনীন রুমি তিন হাজার ৬৭৪ ভোট পান।
এ ছাড়া নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক গণেশ কুমার আগরওয়ালা দুই হাজার ৪২৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
উল্লেখ্য, মেয়র পদে তিন জন, ৩২ জন কাউন্সিলর প্রার্থী ও ১১ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৪০ জন। তার মধ্যে নারী ভোটার ৬ হাজার ৮৭৩ জন এবং পুরুষ ভোটার ৬ হাজার ৬৬৭ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। পরিবেশ শান্ত ও স্বাভাবিক রাখতে আইশৃঙ্খলা বাহিনী কাজ করছে।