ট্রাকচাপায় ৩ পরিবহন শ্রমিক নিহত

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় পথচারী তিন পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সৈয়দপুর পৌরশহরের বাস টার্মিনাল সংলগ্ন সুমনা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি আবুল হাসনাত খান এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন– পরিবহন চেইন মাস্টার জাহাঙ্গীর হোসেন (৫৫), তার দুই সহযোগী রবিউল ইসলাম (৫০) ও আলম হোসেন (৫০)। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বিভিন্ন স্থানে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই তিন পরিবহন শ্রমিক সড়ক পারাপার হচ্ছিলেন। সে সময় টার্মিনালমুখী একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর হোসেন মারা যান। গুরুতর আহত হন তার দুই সহযোগী রবিউল ও আলম। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সৈয়দপুর উপজেলা ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিদর্শক আবুল হাসনাত খান বলেন, ‘ঘটনাস্থল থেকে চেইন মাস্টার জাহাঙ্গীর হোসেনের এবং হাসপাতাল থেকে পরিবহন শ্রমিক রবিউল ইসলাম ও আলম হোসেনের মৃতদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।’

ঘটনার পর থেকে ঘাতক চালকসহ তার সহযোগী পলাতক রয়েছেন। তবে ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে নিহতের পরিবারের পক্ষে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।