আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী এক স্বতন্ত্র প্রার্থীকে আপিল আবেদন জমা দিতে যাওয়ার পথে অপহরণ করার অভিযোগ উঠেছে। নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে তাকে তাকে অপহরণ করা হয় বলে জানা গেছে। রবিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের পাওয়ার হাউজ মোড় (পিডিবি) এলাকায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ওই প্রার্থীর নাম আব্দুল হক ব্যাপারী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং সদ্য অব্যাহতি নেওয়া জেলা পরিষদ সদস্য।
আব্দুল হক বলেন, ‘অপহরণকারীদের অনেককেই আমি চিনতে পেরেছি। তারা আওয়ামী লীগের নেতাকর্মী। আমাকে নির্বাচন থেকে দূরে রাখতেই তাদের এই হীন চেষ্টা। আমি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবো।’
‘আমি তাদের বলেছি, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। তোমরা কেন অন্যের হুকুমে আমাকে অপহরণ করছো। এতে তোমরাই বিপদে পড়বে। কিন্তু তারা আমার সঙ্গে অশালীন আচরণ করেছে, অশ্রাব্য ভাষায় কথা বলেছে। তারা হয়তো আমাকে মেরেই ফেলতো।’ যোগ করেন ভুক্তভোগী এই প্রার্থী।
এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন কাজ করতে পারে না বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। অভিযুক্তরা কারও ব্যক্তিগত ক্যাডার বাহিনী হতে পারে বলে মনে করেন এই আওয়ামী লীগ নেতা। তিনি বলেন,‘আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল। এই দলের নেতাকর্মীরা একজন মুক্তিযোদ্ধাকে অপহরণের মতো হীন কাজ করতে পারে না। এটা কারও ব্যক্তিগত বাহিনীর কাজ কিনা তা অনুসন্ধান করে দেখা প্রয়োজন।’
ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কাঁঠালবাড়ী ইউনিয়নসহ সার্বিক বিষয় পুলিশ বিশেষ নজরদারিতে রেখেছে।’
আপিল কর্তৃপক্ষ ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, আব্দুল হক ব্যাপারী আপিল আবেদন জমা দিয়েছেন। যাচাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।