রংপুর সেনানিবাস পরিদর্শনে সেনাপ্রধান

রংপুর সেনানিবাস পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (০৮ নভেম্বর) সেনাপ্রধান সেখানে পৌঁছালে অভ্যর্থনা জানান ৬৬ পদাতিক জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার।

সোমবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে সেনাপ্রধান রংপুর সেনানিবাসে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও সামরিক স্থাপনা পরিদর্শন করেন। এ ছাড়া সেনানিবাসে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যদের উদ্দেশে দরবার গ্রহণ করেন। এরপর রংপুর সেনানিবাসে একটি গাছের চারা রোপণ এবং মোনাজাতে অংশগ্রহণ করেন সেনাপ্রধান।

এ সময় উপস্থিত ছিলেন জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রংপুর সেনানিবাসের সেনা কর্মকর্তারা।