সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে রংপুর জেলা বিএনপি।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে মহানগর পুলিশের সঙ্গে অলিখিত সমঝোতা করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন তারা। জেলা প্রশাসক আসিফ আহসান স্মারকলিপি গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানান।
এর আগে সকাল থেকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশের এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ জলকামানসহ অবস্থান নেয়। মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান বিএনপি নেতারা। তারা অনুমতি না দেওয়ায় সকাল থেকে বিচ্ছিন্নভাবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী জেলা প্রশাসকের কার্যালয়ে আশপাশে অবস্থান নেয়।
দুপুর পৌনে ১২টায় জেলা বিএনপির সহ-সভাপতি আফতাব উদ্দিন অ্যাডভোকেট ও সাধারণ সম্পাদক রইছ আহম্মেদের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে হেঁটে কার্যালয়ে যায়। এর আগেই কলাপসিবল গেট বন্ধ করে দেয়। পরে পাঁচ জন নেতাকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য যেতে অনুমতি দেওয়া হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, গোলযোগের আশঙ্কায় আমরা নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ছিলাম। বিএনপি নেতাদেরও বলেছি, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে আমাদের আপত্তি নেই। তবে অরাজকতার চেষ্টা করা হলে ব্যবস্থা নেওয়া হবে।