রেললাইনের পাশ থেকে জেএসডি নেতার লাশ উদ্ধার

রংপুরের কাউনিয়া উপজেলা সদরের কাছে রেললাইনের পাশ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি- রব) জেলা সহ-সভাপতি ও হরাগাছ পৌর সভাপতি শরিফুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) তার লাশটি রেললাইনের কাছে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে জানালে সেখান থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি রেজাউল ইসলাম।

তবে শরিফুলের স্বজনদের দাবি, গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

রংপুরের জেএসডি সভাপতি আমিন উদ্দিন জানান, নিহত শরিফুল ইসলাম জেলা জেএসডির সহ-সভাপতি ও হারাগাছ পৌর কমিটির সভাপতি। দুদিন আগে তিনি বাড়ি থেকে বের হন, অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার তার কাউনিয়া উপজেলা সদরের অদূরে খোর্দ্দ ভুতছড়া এলাকায় রেললাইনের কাছ থেকে তার লাশ উদ্ধার করে। কিন্তু কী কারণে তিনি দুদিন নিখোঁজ ছিলেন, কীভাবে তার লাশ রেললাইনের পাশে এলো এ বিষয়ে কিছু জানা যায়নি। তার স্বজনরাও কিছুই বলতে পারেননি। শরিফুলের তিন ছেলে, তারা সবাই প্রতিষ্ঠিত। তিনি নিজেও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। হারাগাছ পৌর এলাকায় তার চার তলা বাড়ি রয়েছে।

এ বিষয়ে কাউনিয়া রেলওয়ে পুলিশের এসআই আফজাল হোসেন জানান, সোমবার বিকাল থেকে শরিফুলকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন এমন কয়েকজন প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছে। তার মাথার অর্ধেক খুলি নেই। তবে শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন নেই। সম্ভবত রেল লাইনের ধার দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।