বিদ্যালয়ের সামনে ট্রাক্টরের চাকায় পিষ্ট ছাত্রী

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সুমাইয়া আক্তার (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। সুমাইয়া উপজেলার নান্দেরাই গ্রামের মনজের আলমের মেয়ে। সে চিরিরবন্দর উপজেলার ড্যাফোডিল রেসিডেনসিয়াল স্কুলের ছাত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিল সুমাইয়া। রাস্তা পার হওয়ার সময় বালুবাহী একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিলে ট্রাক্টর থামিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।