হিমালয় কন্যা পঞ্চগড়ের উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে কাঁবু হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ । গরম কাপড়ের অভাবে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। গত কয়েকদিন থেকে এখানে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সামর্থ্যবানরা গরম কাপড় সংগ্রহ করলেও অসহায় গরিব শীতার্ত মানুষ ছুটছেন পুরাতন কাপড়ের দোকানে। কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারছেন না। ফলে শীত নিবারণে তাদের আশ্রয় নিতে হচ্ছে খড়কুটোর আগুনের ওপর।
সরেজমিন বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, তীব্র শীতের মধ্যেও খেটেখাওয়া মানুষকে কাজ করতে হচ্ছে। কৃষক, শ্রমিকরা মাঠে কাজ করছে। গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর বাড়ির সামনে খড়কুটোয় আগুন ধরানো হয়েছে। শিশু ও বৃদ্ধসহ সব বয়সী নারী পুরুষ একত্রে আগুন পোহাচ্ছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মো. মনোয়ারুল ইসলাম এবং মেডিক্যাল অফিসার (হৃদরোগ বিশেষজ্ঞ) ডা. এস এম মাহবুব উল আলম জানান, শীতকালে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টের রোগী বেড়ে যায়। আমাদের এখানেও রোগীর চাপ বেড়েছে। আমরা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি।