ডা. মুরাদ হাসানের নামে নীলফামারীতে মামলা

সম্প্রতি পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নীলফামারীতে মামলা করেছেন বিএনপিপন্থী এক আইনজীবী। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে আদালতে দায়ের করা মামলায় মহিউদ্দিন হেলাল নাহিদ নামে আরও একজনকে আসামি করা হয়েছে।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেন। বিচারক মো. হাফিজুল ইসলাম আগামী রবিবার (২৬ ডিসেম্বর) শুনানির দিন ধার্য করেছেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১  ডিসেম্বর ডা. মুরাদ হাসান তার ফেসবুক পেজে লাইভে এসে জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামে নারীবিদ্বেষী বক্তব্য দেন। ডিজিটাল প্ল্যাটফর্মের ওই পেজে সাক্ষাৎকারটি গ্রহণ করেন মহিউদ্দিন হেলাল নাহিদ নামে এক ব্যক্তি।

বাদী অভিযোগ করে বলেন, মুরাদ হাসান সাংবিধানিকভাবে শপথ নিয়ে নানাবিধ বক্তব্যের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করেছেন। তার বক্তব্য নারী সমাজের প্রতি অবমাননাকর, অপমানজনক এবং শাস্তিযোগ্য অপরাধ।

বাদীর আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা জানান, আদালতে মঙ্গলবার দুপুরে বাদীর অভিযোগ দাখিল করা হয়েছে। বিচারক আগামী রবিবার শুনানির দিন ধার্য করেছেন। মামলায় সাক্ষী হিসেবে আইনজীবী আবু মোহাম্মদ সোয়েম, আল মাসুদ চৌধুরী, কাজী আখতারুজ্জামান, গোলাম মোস্তফা, আজিম হোসেন ও নুর আসাদুজ্জামান রয়েছেন।