দিনাজপুরের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রিফাত হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোরে রিফাতকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিফাত (২২) উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং এক সন্তানের জনক।
এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পূর্ব নারায়ণপুর গ্রামের ধানক্ষেত থেকে ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ওই ছাত্রী।
ছাত্রীর বাবা জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে তার মেয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আড়াইটার দিকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ধানক্ষেত থেকে মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তার হাতের কবজি ব্লেড দিয়ে কাটা ছিল। বাড়িতে আনার পর জ্ঞান ফিরলে ধর্ষণের কথা জানায়। পরে পুলিশকে জানাই।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, ছাত্রী জানিয়েছে রিফাত হোসেনের সঙ্গে তার পরিচয় ছিল। বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেছে। এরপর অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ছাত্রীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।