তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকার বিপক্ষে কাজ করায় উপজেলা আওয়ামী লীগের ১০ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরকার মনোয়ার পাশা, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম বকসি, সহ-দফতর সম্পাদক হরিপদ সরকার, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মিজানুর রহমান মাস্টার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ সরকার রানা, সদস্য কার্তিক চন্দ্র সরকার ও কানাই চন্দ্র সেন।
নুরুল হুদা দুলাল বলেন, কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশনা এবং গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে ১০ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের কাছে অব্যাহতিপত্র পাঠানো হয়েছে।