সপরিবারে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় টিউলিপ ফুলের বাগান দেখতে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দর্জিপাড়া ও শাড়িয়াল জোত গ্রামের আট ক্ষুদ্র ফুল চাষির টিউলিপ বাগান পরিদর্শন করেন।
খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা সেখানে ভিড় জমান। একান্ত ব্যক্তিগত সফর হওয়ায় তিনি রাজনৈতিক কোনও বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় সেখানে তেঁতুলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহদাত হোসেন রঞ্জু, যুবদল নেতা সামিউল করিমসহ আরও অনেকে সৌজন্য সাক্ষাৎ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমি রাজনৈতিক সফরে আসিনি। পরে যখন রাজনৈতিক সফরে আসবো, তখন বক্তব্য দেবো।’ তিনি টিউলিপ বাগান পরিদর্শন শেষে একটি কটেজে কিছুক্ষণ সময় কাটান তিনি।
এ সময় সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এটা আমার একান্তই পারিবারিক ভ্রমণ। টিউলিপ চাষের খবর শুনেছি বিভিন্ন গণমাধ্যমে। টিউলিপের সৌন্দর্য দেখে অভিভূত। ঠান্ডার দেশের টিউলিপ তেঁতুলিয়ার ক্ষুদ্র চাষিরা চাষ করছেন, এটা সত্যি গৌরবের।’ পরে তিনি বাংলাবান্ধা স্থলবন্দর ভ্রমণ করেন। এর আগে তিনি আটোয়ারী উপজেলার মির্জাপুর এলাকায় বারো আউলিয়ার মাজার জিয়ারত করেন।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) উদ্যোগে বাংলাদেশে প্রথম তেঁতুলিয়ায় ক্ষুদ্র চাষিরা ৪০ শতক জমিতে ৪০ হাজার টিউলিপ ফুলের চারা রোপণ করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইএসডিওর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। সেই কারণে তিনি পরিদর্শনে আসেন।