পঞ্চগড়ে এখন থেকে সব অভিযানে পুলিশ সদস্যদের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু থাকবে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেলের সদস্য মো. মুশফিকুর রহমান বডি ওর্ন ক্যামেরার ব্যবহার সম্পর্কে উপস্থিত সদস্যদের প্রশিক্ষণ দেন। পরে পুলিশ সুপার ইউসুফ আলী ট্রাফিক সার্জেন্ট ফরিদ হোসেনের শরীরে অত্যাধুনিক বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করেন।
ইউসুফ আলী জানান, অভিযানে পুলিশের নামে মিথ্যা নেতিবাচক প্রশ্ন তোলেন অপরাধীরা। কী কারণে অপরাধীদের আটক ও জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে, এ নিয়ে বিভ্রান্তিমূলক অপবাদ দেওয়া হয়। পুলিশের অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়। আমি মনে করি বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের ফলে এমন বিতর্ক আর থাকবে না। পুলিশের অভিযানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
তিনি আরও জানান, আপাতত জেলার পাঁচ থানায় ১০টি, ট্রাফিক পুলিশ সদস্যদের ছয়টি এবং পুলিশ সুপার কার্যালয়ে দুটি ক্যামেরা সংযুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও এই ক্যামেরা সংযুক্ত করা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিঞা, ট্রাফিক ইন্সপেক্টর কাজী কামরুল হাসানসহ পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।