সাবেক স্ত্রীকে কুপিয়ে জখম ও বড় ভাইকে হত্যা

তালাক দেওয়া স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সাবেক স্বামী সুফিয়ান। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মকরমপুর গ্রামে সাবেক স্ত্রী ও তার বড় ভাইয়ের উপর তিনি হামলা চালান বলে অভিযোগ উঠেছে। সাবেক স্ত্রীর বড়ভাইকে ছোড়া দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে সাবেক স্ত্রীর বাবার বাড়ির পাঁচটি ঘর জ্বালিয়ে দেন তিনি। সবশেষে অভিযুক্ত ব্যক্তি বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানা গেছে। 

স্বজনদের অভিযোগ, সাত বছর আগে রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মকরমপুর গ্রামের তয়েজ উদ্দিনের মেয়ে সেলিনা আকতার সুমির সঙ্গে পাশের গ্রামের দুদু মিয়ার ছেলে মিজানুর রহমান সুফিয়ানের বিয়ে হয়। তাদের একটি পাঁচ বছর বয়সী কন্যা সন্তান আছে। বিয়ের পর থেকে স্বামী সুফিয়ান তার স্ত্রী সুমির কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। টাকার জন্য তাকে প্রায়শই নির্যাতন চলতো সুমির ওপর। সুমির পরিবার কয়েক দফা তাকে টাকাও দিয়েছিল। কিন্তু সুফিয়ান কিছুদিন না যেতেই আবারও টাকা দাবি করতো। এ ঘটনায় স্থানীয়ভাবে শালিস হলেও কোনও সমাধান হয়নি। অবশেষে দু’বছর আগে সুফিয়ান তার স্ত্রী সুমিকে তালাক দেন। এ ঘটনার পর সুমি তার কন্যাকে নিয়ে ঢাকায় একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরি নিয়ে বসবাস করে আসছিল। কয়েকদিন আগে সুমি ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসে। সোমবার রাতে ট্রেনে ঢাকা যাওয়ার জন্য বড়ভাই রোকনুজ্জামানের মোটরসাইকেলে বামন ডাঙ্গা রেলস্টেশনে যাওয়ার পথে চৌধুরানী ইছলাহাট বাজারের কাছে পৌঁছালে সাবেক স্বামী সুফিয়ান সুমির বড়ভাই রোকনুজ্জামানকে হাতে থাকা ছোড়া দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর সুমিকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সুফিয়ান সাবেক স্ত্রী সুমিকেও কুপিয়ে গুরুতর আহত করে। এরপর সুফিয়ান সুমিদের বাড়িতে গিয়ে পেট্রল দিয়ে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে পাঁচটি ঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়। তাণ্ডব চালানোর পর সুফিয়ান বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। 

এদিকে গুরুতর আহত সুমিকে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটে। পরে কর্তব্যরত ডা. আমজাদ হোসেন তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা জানিয়েছেন।

এদিকে খবর পেয়ে পুলিশ নিহত রোকনুজ্জকামানের লাশ উদ্ধার করে পীরগাছা হাসপাতালে নিয়ে আসে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে।

পীরগাছা থানার ওসি আব্দুল আজিজ বলেন, সাবেক স্বামী বিষপান করায় পুলিশি হেফাজতে হাসপাতালে তার চিকিৎসা চলছে। মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত কোনও মামলা হয়নি, তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।