দিনাজপুরের চিরিরবন্দরে একটি ইটবোঝাই ট্রাক্টর নিযন্ত্রণ হারিয়ে কোচিং সেন্টারের প্রবেশ করে উল্টে গেছে। এতে টিন দিয়ে তৈরি ওই কোচিং সেন্টারের শিক্ষার্থীসহ সাত জন আহত হয়েছে। এদের মধ্যে চার জনকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের সামনে খুনিয়াদিঘি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে এবং চিরিরবন্দর উপজেলায় ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী দিনাজপুর-পার্বতীপুর সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে।
দুর্ঘটনায় আহতরা ৯ম শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনায় ট্রাক্টর চালক সুদন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টায় চিরিরবন্দর থেকে ইট বোঝাই করে একটি ট্রাক্টর দিনাজপুর শহরের দিকে আসছিল। পথে আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের সামনে খুনিয়াদিঘি নামকস্থানে মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রাক্টরটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রেনেসা কোচিং সেন্টারের ভেতরে উঠে পড়ে। এ সময় ওই কোচিং সেন্টারে শিক্ষার্থীদের কোচিং চলছিল। দুর্ঘটনায় সাত শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে সাত জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ট্রলির চালক ও তিন শিক্ষার্থীকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী চিরিরবন্দর উপজেলায় ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে দিনাজপুর-পার্বতীপুর সড়ক অবরোধ করে রাখে। পরে দুপুর ১২টায় চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ও আউলিয়াপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসিবুল হাসান বাবু এলাকাবাসীর দাবি পূরণের আশ্বাস দেন। তাদের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত ট্রলিটি উদ্ধার করা হয়েছে। অনিয়ন্ত্রিত ট্রাক্টর চলাচল বন্ধের দাবি ছিল এলাকাবাসীর। আমরা তাদের বুঝিয়েছি এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।