পিকআপে উচ্চ শব্দে গান বাজিয়ে নাচানাচি, ১০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পিকআপ ভ্যানে সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে পিকনিকে যাচ্ছিল ২৫ শিশু-কিশোর। পথিমথ্যে পিকআপ থামিয়ে চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কিশোরদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বিরামপুর সরকারি কলেজের সামনে একটি পিকআপে সাউন্ডবক্স বাজিয়ে পিকনিকে যাচ্ছিল ২৫ শিশু-কিশোর। পথে পিকআপসহ তাদেরকে আটক করা হয়। তারা নবাবগঞ্জ উপজেলা থেকে পাহাড়পুর ও নওগায় পিকনিকে যাচ্ছিল। এদিকে চালকের কোনও বৈধ লাইসেন্স ছিল না। 

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ির চালককে ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। শিশু-কিশোরদের অভিভাবকদের জিম্মায় নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।