রংপুরে ৮ দিন ধরে নিখোঁজ আ.লীগ নেতার সন্ধান দাবি

রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও দর্শনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাদেক আলী (৮০) আট দিন ধরে নিখোঁজ। তার সন্ধান চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরের প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে সাদেক আলীর স্বজন, এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা বলেছেন, ৭২ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিখোঁজ আওয়ামী লীগ নেতার দুই ছেলে মাহমুদ হোসেন মুকুট ও আইনজীবী মওদুদ হোসেন, ভাগনে আসাউন হুসনা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি দিলশাদ হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ হোসেনসহ অন্য নেতাকর্মীরা।

তারা জানান, গত ২০ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য বাসা থেকে বের হন সাদেক আলী। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি। তার মোবাইল ফোনও বন্ধ।

সাদেক আলীর ছেলে মাহমুদ হোসেন জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা (জিডি) হয়েছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটকে বলা হয়েছে। তারা এখনও কোনও হদিস দিতে পারেননি। তবে তাদের ওপর আস্থা হারাতে চাই না। কিন্তু ৮ দিনেও তারা সন্ধান দিতে না পারায় আমরা হতাশ। 

সমাবেশ শেষে এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের (ডিসি) অফিস ঘেরাও করে।