সৈয়দপুর রেল স্টেশনে ওয়াগন থেকে ৩ টন গম চুরি

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ইয়ার্ডের একটি ওয়াগন থেকে প্রায় তিন টন গম চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২ মার্চ) সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এসে ওয়াগন খুলে এ বিষয়টি টের পান।

মেসার্স সিলভী ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠানে খালাসের দায়িত্বে নিয়োজিত মিজানুর রহমান জানান, গত ২৮ ফেব্রয়ারি খুলনার কেন্দ্রীয় খাদ্য গুদাম (সিএসডি) থেকে এক হাজার ৩৫০ টন গম সৈয়দপুরে নিয়ে আসেন। ৩০টি মালবাহী ওয়াগনে আনা হয় এসব গম। গমগুলো সৈয়দপর সরকারি খাদ্য গুদামে স্থানান্তর করা হবে। খালাসের উদ্দেশ্যে ওয়াগনের সিল খুলে দেখা যায়, বিশেষ কায়দায় ওয়াগনের নিচের প্লেট ফাঁক করে বস্তা কেটে গম চুরি করা হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোজাফফর রশিদী রেজা জানান, স্টেশনের ইয়ার্ড থেকে গম আনলোডের সময় ওয়াগনের সিল খুলে দেখা যায়, এর ভেতর থেকে প্রায় তিন টন গম নেই।

রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী বলেন, স্টেশনের ইয়ার্ড থেকে গম চুরির ঘটনাটি বিস্ময়কর। কারণ, স্টেশন এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরা। এছাড়া ১০০ গজের মধ্যে রয়েছে রেলওয়ে (জিআরপি) থানা। গম চুরির ঘটনাটি স্টেশনের হয়ত বাইরে ঘটতে পারে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মৌখিকভাবে চুরির ঘটনা অবগত করেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।