২০ লাখ টাকার পুকুরে মাছ ধরার উৎসব

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ হিলালী এলাকার একটি পুকুরে মাছ ধরার উৎসবের আয়োজন করা হয়। উৎসবে বড়শি ও জাল দিয়ে মাছ ধরতে অংশ নেয় কাটাবাড়ি ইউনিয়নের কয়েক হাজার শিকারি।  বৃহস্পতিবার (৩ মার্চ) উৎসবের শুরু হয়ে তা শেষ হয় সন্ধ্যায়। 

ব্যবসায়ী জাকির হোসেনের সরকারি ইজারাভুক্ত ১০ বিঘা জমির পুকুরে এই উৎসবের আয়োজন করা হয়। চতুর্থ ধাপে অনুষ্ঠিত (২৬ ডিসেম্বর) কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণায় নৌকা প্রতীকের জয় হলে জনগণের জন্য পুকুর উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জাকির।

নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ গোলাপ। নির্বাচনে দেওয়া সেই কথা রাখতেই এই উৎসবের আয়োজন করা হয় বলে জানিয়েছেন জাকির। ওই পুকুরে ২০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। দিনব্যাপী উৎসবে পুকর থেকে ৫০ মনের বেশি বিভিন্ন প্রজাতির মাছ ধরেন শিকারিরা।  শনিবার (৫ মার্চ) সকাল থেকে ইউনিয়নের নারীদের জন্য পুকুরটি উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন জাকির।

এদিকে, দিনব্যাপী উৎসবে পুকুরের চারপাশজুড়ে বিভিন্ন বয়সের মৎস্য শিকারিদের উপস্থিতি দেখা গেছে। শিকারিদের অধিকাংশই বড়শি (ছিপ) দিয়ে, কেউবা জাল দিয়ে রুই, কাতল ও মিগ্রেলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরতে নেমে পড়েন পুকুরে। উৎসবে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরতে পেরে আনন্দ প্রকাশ করেন তারা। এছাড়া মাছ ধরা দেখতে বিভিন্ন এলাকা থেকে আসা শিশু-বৃদ্ধসহ নারী ও পুরুষের ভিড় ছিল লক্ষণীয়। সব মিলে ভিন্ন এক উৎসবস্থলে পরিণত হয় নাসিরাবাদ হিলালীসহ আশপাশের এলাকা।

এমন উৎসবের আয়োজনে কৃতজ্ঞতা জানিয়েছেন কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ গোলাপ।