প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধকে ধরে পুলিশে দিলো জনতা

নীলফামারীর সৈয়দপুরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুল মান্নান ওরফে বেল্লা (৬৫) অবশেষে জনতার হাতে ধরা পড়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) তাকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

মামলার পর এলাকা থেকে ছেড়ে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার হাশিমপুর ডাঙ্গা পাড়া এলাকায় পালিয়ে ছিল। সেখানকার স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন। বেল্লা সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বয়েত পাড়ার বাসিন্দা। সৈয়দপুর থানা পুলিশ তাকে এ সংক্রান্ত মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এর আগে, ১১ মার্চ সৈয়দপুর থানায় মামলাটি করেন ভুক্তভোগীর মা। এ ছাড়া ঘটনার বিষয়ে আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয় ভুক্তভোগী।

মামলা সূত্রে জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে ওই কিশোরী প্রতিবেশীর বাড়ির উঠানে সুপারি কুড়াতে যায়। আর এই সুযোগে বেল্লা তাকে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে ফুঁসলিয়ে বাড়ির পাশের একটি বাঁশঝাঁড়ে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পর ভুক্তভোগী বাড়িতে কোনও কথাবার্তা না বলে চুপচাপ থাকতো। পরে ৯ মার্চ মাকে বিষয়টি জানালে তিনি থানায় মামলা করেন।

সৈয়দপুর থানার ওসি মো. আবুল হাসনাত খান বলেন, আসামিকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।