পঞ্চগড় আ.লীগের সভাপতি নূরুল ইসলাম সুজন, সম্পাদক সম্রাট

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতির পদে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার সাদাত সম্রাট নির্বাচিত হয়েছেন। রবিবার (২০ মার্চ) জেলা আওয়ামী লীগের সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এই দুই পদে তাদের নাম ঘোষণা করেন।

এর আগে, বিকালে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে তাদের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ ছাড়া বক্তব্য দেন- আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, সফুরা বেগম রুমি ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মাজাহারুল হক প্রধান প্রমুখ।

সম্মেলনে হাছান মাহমুদ বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ। দীর্ঘ পথচলায় অনেক নেতা বিভ্রান্ত  হয়েছিলেন, বেসুরে কথা বলেছেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সমস্ত প্রতিকূলতার মধ্যেও নেত্রীর পেছনে ঐক্যবদ্ধ ছিলেন বলে শেখ হাসিনা চতুর্থবারের মতো দেশ পরিচালনা করছেন। এই কৃতিত্ব তৃণমূলের নেতাকর্মীদের। এ জন্য আমি তৃণমূলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’