ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 

 


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ইট ও আলু বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আরও দুই জন আহত হন। শুক্রবার (২৫ মার্চ) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে ইট ভর্তি ট্রাকের চালক সুরোয়ার হোসেন (৪৫) ও হেলপার সাইফুল ইসলাম (৪৮) নিহত হন। নিহত সুরোয়ার হোসেন বগুড়া জেলার নন্দীগ্রাম এলাকার নওয়াব আলীর ছেলে ও সাইফুল ইসলাম নওগাঁ জেলার সিংড়া থানার জয়নগর কলম গ্রামের মৃত ময়েজউদ্দিনের ছেলে।

এসময় আহত দুইজনের মধ্যে রয়েছেন আলুর ট্রাকের চালক নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামের সাইদুল ইসলাম (৪০) ও ওই গাড়ির হেলপার। তবে তার পরিচয় পাওয়া যায়নি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, পাবনা থেকে ইট ইট বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৪৫৬৭) পঞ্চগড়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি আলু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) নওগাঁর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে ইট বোঝাই ট্রাকটি নিজের সাইড থেকে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই করা ট্রাকের সাইডে চলে যায়। এতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।  

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ইট ভর্তি ট্রাকের চালক ঘুম চোখে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে।